নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার লিটনের

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ২০:০০
দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটনকে তার বাসায় গিয়ে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় মানুষের ভিড় সামলাতে দলীয় নেতাকর্মীদের রীতিমত হিমসিম খেতে হয়।
 
এসময় নবনির্বাবিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, শুরুতে নগরীর হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে চাই। রাজশাহী মহানগরীকে আবারও পরিষ্কার-পরিচ্ছন্ন ও ঝকঝকে চকচকে করা হবে। এরপর থেমে থাকা উন্নয়ন প্রকল্পের কাজ সচল এবং গ্যাসভিত্তিক শিল্প প্রতিষ্ঠান করে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। এছাড়া নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
 
তিনি বলেন, সিটি কর্পোরেশনের প্রকল্প নয়, অথচ সিটি নাগরিকদের প্রয়োজন এমন অনেক কাজ যেমন বিকেএসসি, শিশু হাসপাতাল, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা-কলকাতা ট্রেন চালুসহ ইত্যাদি বিষয়গুলোসহ অনেকগুলো কাজ করতে হবে।
 
তিনি আরও বলেন, আমি অতীতে মেয়রের দায়িত্ব নেয়ার পর সাবেক মেয়রদের সহযোগিতা ও পরামর্শ প্রদানসহ সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলাম। তার ধারাবাহিকতায় সদ্য সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সহযোগিতা চাইবো। তিনি যদি আসেন, অবশ্যই একসঙ্গে উন্নত রাজশাহী গড়তে কাজ করবো।
 
প্রসঙ্গত, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিটন তার এ বিজয়কে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে শহীদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় বলে উল্লেখ করে রাজশাহী মহানগরবাসী ও উত্তরবঙ্গের মানুষের জন্য উৎসর্গ করেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে নবনির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটনের উপশহরস্থ বাসভবনের সামনে জড়ো হন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থার হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী। এরপর বাসার পাশে প্যান্ডেলে নবনির্বাচিত কাউন্সিলর, রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীসহ সবস্তরের মানুষ ফুলের শুভেচ্ছা জানান।
 
শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার কবর জিয়ারত
এদিকে বাদ জোহর নবনির্বাচিত মেয়র লিটন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার কবর জিয়ারত করেন এ সময় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী ও নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি