গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট চত্বরে এক ব্যক্তি খুন

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০০:৪৫

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) আনসারুল হক তালুকদার (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শুক্রবার রাতে ওই খুনের ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বেতবাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে। তার স্ত্রী আয়শা সিদ্দিকা কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী, স্ত্রীর নামে বরাদ্দকৃত স্টাফ কোয়ার্টারের গোমতি ভবনের তৃতীয় তলায় স্বপরিবারে বসবাস করতেন আনসারুল হক।

নিহতের ছেলে মাহিন জানান, শুক্রবার রাত পৌণে ১১টার দিকে তার বাবা আনসারুল বারির আবাসিক এলাকার গোমতি ভবনের উদ্দেশ্যে রওনা হন। পরে তিনি টেলিফোনে খবর পান তার বাবা গোমতি ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।  সেখানে গিয়ে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক আনছারুল হককে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিত্সক প্রণয় ভূষণ দাস বলেন, আনসারুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, বারি’র ভেতরে ক্যান্টিনটি ডাকে নিয়ে পারিচালনা করতেন আনসারুল হকের মেয়ের জামাই মো. আলমগীর। আনসারুল হক মাঝে মধ্যে ওই কেন্টিনে বসতেন এবং তদারকি করতেন। খুনের ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। শনিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং মামলা হয়নি।