ওয়াসার পানি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রত্যাখ্যান করেছে ঢাকা ওয়াসা। গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে টিআইবি কর্তৃক সদ্য প্রকাশিত গবেষণা প্রতিবেদনের জবাবে সংবাদ সম্মেলনে একথা জানায় ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেছেন, টিআইবির এটি কোনো গবেষণা নয়, এটি একটি প্রতিবেদন। টিআইবির এই প্রতিবেদনের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই প্রতিবেদন প্রকাশ আসলে এক স্টান্টবাজি। অনুমানভিত্তিক এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ওয়াসাকে জনগণের কাছে ‘হেয় প্রতিপন্ন’ করতে চেয়েছে টিআইবি।
রাজধানীর ৯১ শতাংশ বাসিন্দা ওয়াসার পানি ফুটিয়ে পান করেন-টিআইবির এই তথ্য প্রত্যাখ্যান করে তাকসিম এ খান বলেন, এই তথ্য সম্পূর্ণ হাইপোথেটিক্যাল এবং বাস্তবতা বিবর্জিত। ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের মানদ্ল অনুযায়ী ঢাকা ওয়াসার পানি শতভাগ সুপেয়। ঢাকা শহরে বসবাসরত এক কোটি ৭২ লাখ লোক সবাই পানি ফুটিয়ে পান করেন না। ফুটানোর প্রয়োজনও পড়ে না।
তিনি আরো বলেন, ঢাকা ওয়াসার নীতি ও আইন, পানি ও পয়ঃনিষ্কাশন সেবা নিশ্চিত্করণ, সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা ও সন্তুষ্টি- এ তিনটি বিষয় ছিল টিআইবির গবেষণার উদ্দেশ্য। কিন্তু তাদের প্রতিবেদনে এই তিনটি বিষয় নিয়ে যে ডেটা এসেছে তার সবই অনুমাননির্ভর। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই। অনুষ্ঠানে বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
