কালাইয়ে বোড়াই-ধুনট কাঁচা সংযোগ রাস্তা চলাচল অনুপযোগী

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০২:২১

টানা কয়েকদিনের বৃষ্টির কারণে এবং প্রায় ২২ বছর থেকে সংস্কার অভাবে জয়পুরহাটের কালাই উপজেলার বোড়াই-ধুনট প্রায় তিন কিলোমিটার কাঁচা সংযোগ রাস্তা চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হওয়ায় চার গ্রামের মানুষ বর্তমানে চরম দুর্ভোগ পোহাচ্ছে।

সরেজমিনে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বোড়াই মোড় থেকে ধুনট মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা সংযোগ রাস্তা প্রায় ২২ বছর যাবত্ সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তার মাঝে এক-হাঁটু পানি জমে থাকে। অতিরিক্ত বৃষ্টির ফলে সড়কের ওই কাঁচা রাস্তার মাটি পিচ্ছিল হওয়ায় বিভিন্ন শ্রেণির পথচারীরা তাদের পায়ের জুতা খুলে চলাচল করছেন।

উপজেলার আরবাব, বাগুইল, বিনইল ও ধুনট ওই চার গ্রামের প্রায় ৫ হাজার মানুষের উপজেলা সদরে চলাচলের একমাত্র এই কাঁচা রাস্তা। যা বর্তমানে মারাত্মক ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে ছোট ও মাঝারি ধরনের যানবাহন চলাচল করছে। এর ফলে বিভিন্ন শ্রেণির পথচারী চলাফেরা করতে বর্তমানে চরম দুর্ভোগ পোহাচ্ছে।

উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ থেকে আমাকে এই কাঁচা রাস্তা মেরামতের জন্য কোনো বাজেট দেয় না বলেই আমি এই রাস্তা মেরামত করতে পারছি না।

উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী দাদা বলেন, ওই কাঁচা রাস্তার দুই পাশে ধানের ক্ষেত আছে। তাছাড়া বৃষ্টির কারণে সংস্কার করা যাচ্ছে না। তবে খুব দ্রুত সংস্কার করা হবে।

কালাই উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আতাউর রহমান চৌধুরী বলেন, উপজেলার বোড়াই-ধুনট কাঁচা সংযোগ রাস্তাটি আমাদের আইডি বহির্ভূত বলেই এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারব না।

ইত্তেফাক/নূহু