ইতিহাস জানলে ১৫০০ টাকায় মিলবে শত কোটি টাকার বাড়ি

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ০২:২৯

যে কোন উপহারই মানুষকে আনন্দিত করে। কিন্তু সেই উপহার যদি হয় অনেক মূল্যবাণ আর তাও সামান্য টাকায় তাহলে নিশ্চিতভাবেই বহুগুন বেড়ে যায় আনন্দ। এবার এমনই একটি উপহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের এক দম্পতি। মাত্র ১৭ ডলার (বাংলাদেশি টাকায় ১৫০০ টাকা) বিনিয়োগ করেই মিলতে পারে শত কোটি টাকার রাজপ্রাসাদ। তবে শর্ত হচ্ছে, এর জন্য ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকতে হবে।

ব্রেক্সিটের কারণে লন্ডনসহ যুক্তরাজ্যের যে কোন জায়গায় আজকাল কোন সম্পত্তি বিক্রি করাটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। সামনে ব্রেক্সিট, তাই কেউ বিনিয়োগ করতে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। এমন পরিস্থিতিতে নিজেদের লন্ডনের বাড়িটি বিক্রির ঘোষণা দিয়েও উপযুক্ত কোন ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না লন্ডনের মেলানিয়ে এবং নিজেল ওয়ালশ দম্পতি। এছাড়া প্রায় ৮২ লাখ ডলারের ঐ বাড়িটি বিক্রি করতে হলে তাদের ট্যাক্স বাবদ পরিশোধ করতে হবে ১০ লাখ ডলার। অন্যদিকে প্রতিযোগিতার মাধ্যমে কোন বিজয়ীকে বাড়িটি পুরস্কার হিসেবে উপহার দিলে এর জন্য কোন ট্যাক্সও গুনতে হবে না। তাই অভিনব কৌশলে মাত্র ১৭ ডলারে ৮২ লাখ ডলারের এই বাড়িটি হস্তান্তরের বুদ্ধি বের করেন তারা।

এ বছরের ১৬ জুন শুরু হয়েছে বিজয়ী খোঁজার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে প্রথমেই ১৭ ডলার বা ১৫০০ টাকা এন্ট্রি ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বিশ্বের যে কোন জায়গা থেকে অংশ নেয়া যাবে প্রতিযোগিতায়।

লন্ডনের প্রাণকেন্দ্র থেকে মাত্র ১৪ মাইল দূরত্বে কয়েক বিঘা জমির ওপর নির্মিত প্রাসাদতুল্য আলোচিত এই বাড়িটির ঐতিহাসিক পটভূমি রয়েছে। বাড়িটি প্রথম তৈরি হয়েছিল ১৫০০ সালে। ১৫৫৮ সালে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের সম্রাজ্ঞীর আসনে বসার আগে একবার এই বাড়িতে অবস্থান করেছিলেন প্রথম রানী এলিজাবেথও। ১৭০০ সালে এই বাড়িটিকে ভেঙ্গে পুনর্নিমাণ করা হয়। সেই সময় এটির নামকরণ হয় ‘ডেনসারস হিল হাউজ’।

৩০ বছর আগে এই দম্পতি মাত্র ১৫ লাখ ডলারে কিনেছিলেন বাড়িটি। কেনার পর তারা বাড়িটিতে আরো বিনিয়োগ করে নতুন করে সাজিয়ে-গুছিয়ে নেন। ছয় বেড়রুম আর ছয় বাথরুমের বাড়িটিতে জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন তারা। ছেলে-মেয়েরা এখন সবাই বড় হয়ে গেছে, সবার বিয়ে হয়ে গেছে, যে যার মতো আধুনিক ফ্লাটে উঠেছে। এই বিশাল অট্টালিকাটি বর্তমানে তাদের জন্য একটু বেশি বড় হয়ে গেছে, তাই বিক্রি করে দিতে চান তারা।

বিক্রি করার জন্য তাদের এই কৌশল বেশ সাড়া ফেলেছে। মাত্র ১৭ ডলার বিনিয়োগ করে শুধু বুদ্ধির জোরে ৮২ লাখ ডলারের অট্টালিকার মালিক সুযোগ কে না নিতে চাইবে। কিন্তু এর জন্য প্রতিযোগীদের ব্রিটিশ রাজপরিবারে ইতিহাস সম্পর্কে থাকতে হবে ভালো জ্ঞান। ১৭ ডলার দিয়ে রেজিস্ট্রেশন করলেই হবে না, চূড়ান্ত পর্বে উন্নীত হতে হলে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। যে বছর ‘ডেনসার হিল হাউজ’ তৈরি হয়েছিল সে বছর ক্রিসমাস দিবসে রাজার নাম কি ছিল? যতবার খুশি রেজিস্ট্রেশন করা যাবে। চূড়ান্ত পর্বে লটারির মাধ্যমে বিজয়ী বাছাই করা হবে। অভিনব এমনও হয়েছে, একজন শতাধিক বার রেজিস্ট্রেশন করেছে। ৮২ লাখ ডলারের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেলে লটারির মাধ্যমে বিজয়ী বাছাই করা হবে। আর যদি কাঙ্খিত সময়ে লক্ষ্যমাত্রা পূরণ না হয় তাহলে বাড়ানো হবে প্রতিযোগিতার সময়সীমা।-সিএনএন

ইত্তেফাক/নূহু