নরসিংদীতে লেগুনাচাপায় প্রাণ গেল কলেজছাত্রের

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৪:০৪
নরসিংদীর রায়পুরায় লেগুনাচাপায় মো. আবদুল্লাহ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নীলকুটি এলাকায় এ ঘটনা ঘটে। 
 
আবদুল্লাহ ভৈরবের হাজী আসমত আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং রায়পুরা উপজেলার মাহমুদাবাদ ঝাড়তলা এলাকার মো. শাহজাহানের পুত্র। লেগুনা চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। 
 
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, সকাল ১০টার দিকে কলেজে যাওয়ার জন্য আবদুল্লাহ নীলকুটি বাসস্ট্যান্ডে যাচ্ছিল। এ সময় ইটাখোলা থেকে ভৈরবগামী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে আবদুল্লাহকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আবদুল্লাহ মারা যায়। 
 
ইত্তেফাক/ইউবি