বাগেরহাটে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৪:৪৮
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন (৪২) সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার আড়ুয়াবর্নি গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে।
 
প্রথমে তাকে চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তির পর বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যুবলীগ নেতা চিতলমারী উপজেলার সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ নিজাম উদ্দিনের ভাই।
 
ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন জানান, দুপুরে চিতলমারী সদর থেকে বাড়ি ফেরার পথে আড়য়াবর্নি এলাকায় পৌছালে আনোয়ারকে গতি রোধ করে ৪ থেকে ৫ জন সন্ত্রাসী হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। স্থানীয় লোকেরা তাকে উদ্ধার করে চিতলমারী হাসপাতালে ভর্তি করে। বিকালে তাকে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে কি কারনে যুবলীগ নেতার উপর হামলা করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।
 
চিতলমারী থানার ওসি অনুকুল সরকার জানান, যুবলীগ নেতাকে হামলায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের আটকে পুলিশ অভিযান চালছে।
 

ইত্তেফাক/এএম