টেকনাফ ও পটুয়াখালীতে তিন নারীসহ আটক ৬

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৮:১০
কক্সবাজারের টেকনাফ ও পটুয়াখালীর কলাপাড়ায় দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৬ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার সকালে তাদের আটক করা হয়।
 
র‌্যাব-৭ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, শনিবার ভোররাতে টেকনাফ উপজেলা পশ্চিম লেদার এলাকায় আবুল খায়েরের বাড়িতে অভিযান চালিয়ে সৈয়দুর রহমান প্রকাশ কালুর ছেলে মো. হারুন রশিদ (২৪), আবুল খায়েরের ছেলে মো. মিজানুর রহমান (১৯) ও কামরুন্নাহারকে (২১) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ওয়ান শুটারগান, ১ হাজার ৬শ ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবাসহ রুনা বেগম (৩৭), ডলি (৩৮) ও মো. আমির হোসেন (৪০) নামের ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের অফিস মহল্লা থেকে তাদের আটক করা হয়।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কলাপাড়া পটুয়াখালীর ইন্সপেক্টর মো. শাহজালাল ভূঞা জানান, তাদের কাছ থেকে ৪’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদেরকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ