নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নোংরা রাজনীতি শুরু হয়েছে। তাদের এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি হতে পারে, ভাবতেও ঘৃণা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা ঘরে ফিরে যাও। কারণ তোমাদের জীবন নিয়ে আমি শঙ্কিত। যদি জীবন থাকে আর দাবি আদায় না হয়, তা হলে আমরা আবার রাস্তায় নামব। গতকাল সোমবার কাকরাইলের নিরাপদ সড়ক চাই’র কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, রাস্তায় উল্টো পথে গাড়ি চালানো সম্পূর্ণ বন্ধ করতে হবে। চালকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিতে হবে। ওভারটেক ওভার স্পিড যেমন নিয়ন্ত্রণ করতে হবে, তেমনি ফিটনেসবিহীন গাড়ি চলাচলও বন্ধ করতে হবে।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, শিক্ষার্থীরা তাদের নিরাপদ সড়কের দাবিটি জনগণের প্রাণের দাবিতে পরিণত করেছে। এক সপ্তাহ ধরে তারা লাগাতার আন্দোলন করছে। তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশে কত নৈরাজ্য রয়েছে। তাদের দাবির কারণে সরকার ও সংশ্লিষ্টদের টনক নড়েছে।
নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন করলেই চলবে না পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। সড়ক দুর্ঘটনায় শুধু চালকরা দায়ী নয়। এ জন্য সবাইকে সচেতন হতে হবে। তিনি মন্ত্রিসভায় প্রস্তাবিত দুর্ঘটনা রোধে সড়ক আইনের সঙ্গে দ্বিমত পোষণ করেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
