সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৬:৪৩
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
 
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়া সতর্কবার্তায় এ সব তথ্য জানানো হয়। সতর্কবার্তায় চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
 
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে।
 
এতে আরও বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলে সুস্পষ্ট লঘুচাপ রূপে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব দিকে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজমান রয়েছে।
 
ইত্তেফাক/এমআই