রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আঃ আলিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কালুপাড়া ইউপির জামুবাড়ি উন্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু আঃ আলিম মায়ের সঙ্গে মঙ্গলবার দুপুরে নানাবাড়ি উন্তাপাড়া গ্রামের পীর হোসেনের বাড়িতে বেড়াতে আসে। বিকেলে রাস্তার ধারে খেলার এক পর্যায়ে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিশু আলিমের মৃত্যু হয়।
পরে শিশুটির মৃতদেহ নানাবাড়ি উন্তাপাড়ায় নিয়ে এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এরপর এলাকাবাসী একত্রিত হয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শিশু আঃ আলিম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খাগড়াবন্দ গ্রামের এনামুল হকের ছেলে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাই রুবেল জানান, শিশু আঃ আলিমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান শিশু মৃত্যুর ঘটনা ও সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। তিনি আরও জানান, শিশু মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
ইত্তেফাক/নূহু
