নরসিংদীর শিবপুরে রায়হান মিয়া (২২) নামের এক মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার ২১ এপ্রিল সকালে নির্যাতনের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শনিবার ২০ এপ্রিল সন্ধ্যায় উপজেলার বাঘাব ইউনিয়নের বাহারদিয়া এলাকায় অভিযুক্তের বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। শিবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও ধর্ষণের শিকার শিশুটির পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত রায়হান বাহারদিয়া গ্রামের হোমিও চিকিৎসক বাছেদের ছেলে। শনিবার বিকেলে রায়হান তার প্রতিবেশী ওই শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুটি চিৎকার করলে আশপাশের বাড়ির লোকজন চলে আসলে অভিযুক্ত রায়হান পালিয়ে যায়।
পরে শিশুটিকে জিজ্ঞাসা করলে সে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সকালে শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।
নরসিংদী সদর হাসাপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আমিরুল হক শামীম বলেন, শিশুটিকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। ইতিমধ্যে গাইনি চিকিৎসক দিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এখন মামলা দায়েরের পর আবেদনের প্রেক্ষিতে পরিক্ষা-নিরীক্ষা করা হবে। আর এ ঘটনায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে।
আরও পড়ুনঃ সাবেক এমপি ইঞ্জিনিয়ার আবু সালেহ মোঃ সাঈদ দুলালের ইন্তেকাল
শিবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটি হাসপাতালে পাঠায়। এ ঘটনায় শিশুটির দাদা আবদুল কুদ্দুস বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত রায়হান ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মামলা নং ২৭, শিবপুর মডেল থানা।
ইত্তেফাক/নূহু

