টাঙ্গাইলের সখীপুরে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের পিছেরমাথা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন। তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ওসি এসএম তুহীন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসার সামনে থেকে মাদক সম্রাজ্ঞী রালিমা আক্তার শিখাকে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় সহযোগী তার স্বামী ফজলুল হক ফন্নুকেও গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ইয়াবা ট্যাবলেটগুলো মঙ্গলবার রাতে তারা চট্টগ্রাম থেকে সখীপুরে বিক্রির উদ্দেশ্যে এনেছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য দিয়েছে।
এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে তাদের ৭দিনের রিমান্ড চেয়ে বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
এদিকে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজন আহমেদ ও রানা নামের দুই মাদকসেবীকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মৌসুমী সরকার রাখী এ দণ্ডাদেশ দেন।
থানার ওসি এসএম তুহীন আলী বলেন, এ দুই মাদকসেবীকে বুধবার সকালে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের আদেশ পেয়ে দণ্ডপ্রাপ্তদের টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
