আরিচা বাসস্ট্যান্ড থেকে পুরাতন লঞ্চঘাটমুখী সড়কের প্রায় দুইশ মিটার রাস্তায় সৃষ্ট খানাখন্দ সংস্কার ও মেরামতের দায়িত্ব নিচ্ছে না কোনো বিভাগ। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কে চলাচলকারী যানবাহন মালিক-চালক, পথচারী ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তি পোহাচ্ছে।
জানা গেছে, আরিচার অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এ রাস্তায় প্রত্যহ বিপুল সংখ্যক বাস-ট্রাকসহ ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এ রাস্তার দক্ষিনে অবস্থিত বিদ্যুৎ বিভাগের পিসিপোল কারখানায় তৈরি বৈদ্যুতিক খুঁটি বহনকারী ট্রাক যাতায়াত করে। এছাড়া, সপ্তাহে দুইদিন গরুর হাটে আসা শতাধিক ট্রাক-পিকআপসহ বহু যানবাহন চলাচল করে। এ রাস্তায় সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমে ও যানবাহনের চাপে জনসাধারনের যাতায়াতে মারাত্মক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন যাবৎ এ সড়ক মেরামত বা সংস্কার না করায় প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা এ সড়ক দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করেছে।
সড়ক ও জনপথ বিভাগের স্থানীয় কর্মকর্তারা জানান, ইতিপূর্বে আমরাই কয়েকবার এ রাস্তা সংস্কার করেছি। উপজেলা এলজিইডি কর্মকর্তারা জানান, আগে সড়ক ও জনপথ বিভাগ এ সড়কের দেখভাল করলেও কাগজ-কলমে এলজিইডির নিকট হস্তান্তর না করায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না।
ইত্তেফাক/নূহু
