৫০ পয়সার সিঙ্গারা ও ১ টাকার পরোটা!

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৮:১৮
ছোট্ট একটি দোকান। সারাদিনই সেখানে ভিড় জমে থাকে। দোকানটি স্থানীয়দের কাছে পরিচিত আট আনার দোকান (৫০পয়সা) নামে। বিভিন্ন এলাকা থেকে মানুষ দেখতেও আসেন এই দোকানটি। একটি ভাজা আলুর সিঙ্গারা যে কোন দোকানে বিক্রি হয় ৪ থেকে ১০ টাকায়। অথচ ওই দোকানে সেই সিঙ্গারা বিক্রি হচ্ছে মাত্র ৫০ পয়সায়! সঙ্গে আছে ১ টাকার পরোটা। যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আজ-কাল কল্পনাই করা যায় না!
 
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর বাজারে অবস্থিত এই দোকানের মালিকের নাম মালেক বিশ্বাস। দীর্ঘ ৩০ বছর ধরে বিক্রি করছেন ৫০ পয়সার সিঙ্গারা ও এক টাকার পরোটা।
 
এলাকাবাসী জানান, শুরুটা হয়েছিলো আজ থেকে প্রায় ৩০ বছর আগে। দোকানের মালিক মালেক বিশ্বাস, এলাকায় সহজ, সরল ও সৎ হিসেবে পরিচিত। এক সময় এই ব্যবসার লাভের টাকা দিয়ে কিছু জমি কিনেছিলেন তিনি। সেই জমির ফসল ও ইজারার টাকায় সংসার চলে তার। এই ব্যবসার প্রতি ভক্তি ও শ্রদ্ধা ধরে রাখতেই ৫০ পয়সার ব্যবসাটা তিনি এখনও চালিয়ে যাচ্ছেন।
IMG0
দোকানি মালেক বিশ্বাস জানান, যতদিন বেঁচে থাকবেন দাম না বাড়িয়েই এই ব্যবসা চালাবেন তিনি। এতে স্বল্প আয় হলেও পরিবারের সদস্যরা তার প্রতি খুবই খুশি। 
 
অসাধু ব্যবসায়ীরা যখন খাদ্যে ভেজাল ও পণ্য গুদামজাত করে কৃত্রিম সংকট দেখিয়ে মূল্য বাড়াতে ব্যস্ত ঠিক তখনই মালেক বিশ্বাসের মত ব্যবসায়ীরা সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত।
 
ইত্তেফাক/বিএএফ