দশ বছর পর দেশে ফেরার সময় ১৯ বাংলাদেশি আটক

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৯:৪৩
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে ভারতের দিনহাটা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হল- পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার গোলেনুর (৩০), আর্নিকা (৬), কবির মামুদ (৩০), আব্দুল কুদ্দুস (২৫), জাকির হোসেন (১৯), আলম হোসেন (২৩) এবং নাগেশ্বরী উপজেলার মোকছেদুল (১৮), নবিয়া (৩০), মনছের আলী (৩০), আর্জিনা (২৮), মমেনা খাতুন (২৯), মাসুদ (১৪), সুমি (১৬), মুন্নী খাতুন (১৬) মোরসালিন (২), হযরত আলী (৪০), আলমগীর (২২), মজিবর ( ১৬) ও ঘাটাইল টাঙ্গাইল জেলার আল আমিন (১৮)।
 
আটক হওয়া হযরত আলী জানান, প্রায় ১০ বছর থেকে ভারতের হরিয়ানায় ইটভাটায় কাজ করে এসেছে তারা। ভারতে মুসলিম তাড়নার গুজব ওঠায় বাংলাদেশে আসার উদ্যোগ নেয় এই বাংলাদেশিরা। এজন্য তারা ভারতের ফারুক ও আজিমুলের দ্বারস্থ হয়। ফারুক ও আজিমুল জন প্রতি ৫ থেকে ৬ হাজার টাকা নিয়ে শুক্রবার ভোরে তাদের ভারতের দিনহাটা সীমান্ত দিয়ে বাংলাদেশের পাথরডুবি সীমান্তে ঢুকিয়ে দেয়। বাংলাদেশের অভ্যন্তরে আসার সময় পাথরডুবি বিজিবি তাদের আটক করে।
 
এ বিষয়ে কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওছার বলেন, বিধি মোতাবেক ভারতে কোন অবৈধ বাংলাদেশি থাকলে তাদেরকে বিএসএফ-বিজিবি বৈঠকের মাধ্যমে হস্তান্তর করার কথা। নিয়ম না মেনে অবৈধ দালালের মাধ্যমে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে।
 
তিনি আরো বলেন, এরা প্রকৃত বাংলাদেশি নাগরিক কিনা তা যাচাই করা হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/বিএএফ