রাজধানীর মগবাজারস্থ ওয়ারলেস এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ। তার নাম তৌফিক আহম্মেদ রিয়াজ (২৮)। গ্রেপ্তারের পর তার দেহ তল্লাশি করে রাষ্ট্র বিরোধী বিভিন্ন লেখা সংবলিত ১১টি লিফলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রমনা থানার টহল ডিউটি সংবাদ পায় মগবাজার ওয়ারলেস এলাকার গ্রান্ড প্লাজা শপিং মলের সামনে ২/৩ জন ব্যক্তি সরকার বিরোধী বিভিন্ন লেখা সংবলিত লিফলেট জনসাধারণের মধ্যে বিতরণ করছে। পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিয়াজকে গ্রেপ্তার করে এবং তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তারের পর রিয়াজের দেহ তল্লাশি করে হিযবুত তাহরীর ১১টি লিফলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ জানায়, সে হিযবুত তাহরীর একজন সক্রিয় সদস্য। সে ও তার অপর পলাতক সহযোগীরা সরকার বিরোধী বিভিন্ন লেখা সংবলিত লিফলেট জনসাধারণের মধ্যে বিতরণ করছিল।এ ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআই
