সাভারে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আশরাফ গাজী (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন চালকের সহকারীসহ দুইজন। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক আশরাফ গাজী বাগেরহাট জেলার চিতলমারী থানার আডুয়ারন্নী চরপাড়া গ্রামের চাঁন মিয়া গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাছ ভর্তি ট্রাক নিয়ে সাভার থেকে গাবতলীর উদ্দেশ্যে রওনা দেন ট্রাক চালক আশরাফ গাজী। সকাল সাড়ে আটটার দিকে ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় মাছ ভর্তি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই আশরাফ গাজী মারা যান। এঘটনায় গুরুতর আহত অবস্থায় চালকের সহকারীসহ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, নিহত ট্রাক চালকের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
