মানিকগঞ্জে তারেক মাসুদ-মিশুক মনিরের দুর্ঘটনাস্থলে মানববন্ধন

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৪:০৩
সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মনির স্মরণে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন, মানববন্ধন-আলোচনাসভা ও বৃক্ষরোপন করা হয়েছে।
 
সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকার দুর্ঘটনাস্থলের স্মৃতিস্তম্ভের পাশে যৌথভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি সংসদ, বারসিকসহ বিভিন্ন সংগঠন এসব কর্মসূচী পালন করে। সংগঠনগুলোর পক্ষ থেকে প্রথমে তারেক মাসুদ-মিশুক মনির স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
 
এরপর  দুর্ঘটনাস্থলে নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দিপক কুমার ঘোষ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহঙ্গীর আলম বিশ্বাস,সহ-সম্পাদক শহিদুল ইসলাম সুজন, তারেক মাসুদ-মিশুক মনির স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন আনসারী, নাট্য পরিচালক গিনি আলম, সাবেক ফুটবলার হাফিজুর রহমান ফিরোজ, আজাহারুল ইসলাম আরজু, ইকবাল হোসেন কচি, পারভেজ বাবুল. বারসিক প্রতিনিধি সুবীর কুমার সরকার প্রমুখ।
 
মানববন্ধনে বক্তরা বলেন, আজ সারা দেশের মানুষের প্রধান দাবিই হচ্ছে নিরাপদ সড়কের। আর এই নিরাপদ সড়কের দাবি আদায়ে কোমলমতি শিক্ষার্থীরা সরকারের চোখ খুলে দিয়েছে। যা এদেশে  দেশে ইতিহাস হয়ে থাকবে।
 
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট সকালে কাগুজের ফুল সিনেমার সুটিং স্পট দেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রাম থেকে ঢাকা ফিরছিলেন প্রখ্যাত চলচিত্র নির্মাতা তারেক মাসুদ, তার স্ত্রী ক্যাথরিন মাসুদ, বিশিষ্ঠ সাংবাদিক মিশুক মুনীরসহ ৯ জনের একটি দল। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা নামক এলাকায় তাদের বহনকৃত মাইক্রোবাসটি পৌছালে বিপরীত গামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহরে বাসের সঙ্গে সংর্ঘষ বেধে যায়। এসময় মাইক্রোস বাসটি দুমড়ে মুচড়ে যায়। মাইক্রো বাসের ভেতরে থাকা তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ প্রডাকশন সহকারী ওয়াসিম,জামাল এবং মাইক্রোবাস চালক মুস্তাফিজুর রহমানসহ ৫জন নিহত হন। সেই দুর্ঘটনায় আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন ও তার স্ত্রী দেলোয়ারা বেগম জলি।
 
ইত্তেফাক/এএম