মেহেরপুর সরকারি কলেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগের ভাংচুর

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৭:১৩
বসার জন্য চেয়ার না দেওয়ার কারণে মেহেরপুর সরকারি কলেজে আন্তবিভাগ ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগ হামলা চালিয়েছে। অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম ও চেয়ার টেবিল ভাংচুর করেছে। কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের লাঞ্ছিত করেছে। ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে কলেজের শিক্ষকরা আজ মঙ্গলবার কলেজের সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। 
 
কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সরদার জানান, সোমবার কলেজের বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছিল কলেজ চত্বরে। কলেজের ছাত্রলীগ নেতারা অনুষ্ঠানে বসার জন্য চেয়ার দাবি করে। চেয়ার না দেওয়াতে ছাত্রলীগের শোভন সরকার, সাজেদুর রহমান সেতু ও মহিবুর রহমান শান্তর নেতৃত্বে ছাত্রলীগ সম্মিলিতভাবে হামলা করে অনুষ্ঠানের চেয়ার টেবিল, সাউন্ড সিস্টেম ও অন্যান্য মালামাল ভাংচুর এবং শিক্ষকদের লাঞ্ছিত করে।
 
ঘটনার বিচার দাবিতে কলেজের শিক্ষগণ বৈঠকে বসেন। সর্বসম্মতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও হামলাকারী ছাত্রলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। 
 
শিক্ষকদের সভা চলাকালীন সময়ে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ গোলাম রসুল অধ্যক্ষকে ফোনে জানিয়েছেন, এই ঘটনার জন্য তিনিও মর্মাহত। মঙ্গলবার বেলা ১১টার সময় কলেজের অধ্যক্ষের সভাকক্ষে এই ঘটনায় তার উপস্থিতিতে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার অনুরোধে আজ মঙ্গলবার পর্যন্ত কলেজের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষকরা। 
 
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরতি খোদা রুবেলের মুঠোফোনে (০১৯৩৩ ৯০ ৯৭ ৯০) যোগাযোগ করলে সে জানায়, সিনিয়র ভাইয়েরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিল। সরকারি টাকায় অনুষ্ঠান হচ্ছে। সেখানে অতিরিক্ত ৫০টি চেয়ার দিলে কী ক্ষতি হতো। তবে ঘটনার সময় তার উপস্থিতি ছিল না বলেও দাবি করে।
 
ইত্তেফাক/নূহু