এমএজি ওসমানী বিমানবন্দরে সোমবার বিকালে নারীর জুতা ও পেট থেকে স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। পরে তাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় সোয়া কোটি টাকা।
আটক ওই নারী নাম সুলতানা ইয়াসমিন। তিনি ঢাকার মিরপুর এলাকার মৃত মোশারফ হোসেনের মেয়ে।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা জানান, সুলতানা ইয়াসমিন সোমবার বিকালে দুবাই থেকে ফ্লাই দুবাইয়ে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন। হাঁটা-চলার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করে তারা। প্রথমে তার হিল জুতার ভেতর থেকে এরপর পেটের ভেতর থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, আটক নারীর কাছে আরও স্বর্ণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওই নারীর কাছে আরও স্বর্ণের বার লুকানো রয়েছে কি না তা জানতে ডাক্তারি পরীক্ষাও করা হবে বলে জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজম্ব কর্মকর্তা আতিকুর রহমান।
ইত্তেফাক/আরকেজি
