আখক্ষেতে ছোটভাইয়ের দেয়া বিদ্যুৎ সংযোগে বড় ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৪:৩৮
ছোট ভাইয়ের আখ ক্ষেতে দেয়া বিদ্যুতের তারে জড়িয়ে বড় ভাই ফয়সাল মিয়ার (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মোতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
 
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ বলেন, মোতাপাড়া গ্রামের হোসেন আলীর ছোট ছেলে সামাদ মিয়া বাড়ির পাশে আখক্ষেতের চুরি ঠেকাতে সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। রাতের কোন এক সময় বড় ভাই ফয়সাল আখক্ষেতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে এলাকাবাসী আখক্ষেতে ফয়সাল মিয়ার লাশ দেখে পুলিশে খবর দেয়। 
 
কিশোরগঞ্জ থানার ওসি হারুন-অর রশিদ জানান, আখ ক্ষেত থেকে ফয়সালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি