নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি দোতলা বিল্ডিংয়ে তিতাস গ্যাস সংযোগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে ওই বিল্ডিংয়ে বসবাসরত দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। তিতাস গ্যাসের হাই-প্রেসার পাইপ লাইন থেকে নেওয়া অবৈধ গ্যাস সংযোগের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
সোমবার ভোরে উপজেলার সাওঘাট এলাকায় দুর্ঘটনায় নিহতরা হলেন, মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে শামিম (৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার কয়া এলাকার রহিম বিশ্বাসের ছেলে হেলাল বিশ্বাস ওরফে রাকিব (২৫)। নিহত দুইজন স্থানীয় নেক্সট এক্সোসরিস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে স্থাপিত তিতাস গ্যাসের হাই-প্রেসারের পাইপ লাইন থেকে অবৈধ ভাবে ওই বিল্ডিংটিতে গ্যাসের সংযোগ নেন বাড়ির মালিক রাবেয়া আক্তার মিলি। ওই বিল্ডিংয়ে স্থানীয় নেক্সট এক্সোসরিস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা ভাড়ায় থাকতেন। ভোর সোয়া ৩টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে বিল্ডিংয়ের পুরো দেয়াল ভেঙ্গে প্রায় ৩০০ ফুট দূরে গিয়ে পড়ে।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর দগ্ধ অবস্থায় ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন এবং তিনজনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন। তাদের মধ্যে শামিম ও হেলাল বিশ্বাস ওরফে রাকিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় আহতরা হলেন, নেক্সট এক্সোসরিস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক তরিকুল ইসলাম, লিয়াকত আলী, হযরত আলী, আরিফ, আনোয়ার হোসেন, ফারুক মিয়া, আরিফুর রহমান। আহতদের মধ্যে লিয়াকত ও আরিফের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ব্যাপারে বাড়ির মালিক রাবেয়া আক্তার মিলি বলেন, অন্যরা যে ভাবে অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে আমিও সে ভাবে নিয়েছি। তবে, আমার বাড়িতে পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
তিতাস গ্যাসের সোনারগাঁও জোনের সুপারভাইজার ইসমাইল হোসেন বলেন, আগে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ও কাঞ্চন ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
আরও পড়ুন: পা কেটে কোথায় রেখেছে ‘ট্রেস’ করতে পারছেনা পুলিশ
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের ময়না তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/অনি
