উখিয়ার উত্তর পুকুরিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষীয় একটি ছায়াবৃক্ষ কেটে লুটপাট করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গফুর উদ্দিনসহ ১১ জন সদস্য।
অভিভাবকরা বাদী হয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলে তিনি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি গফুর উদ্দিনের অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমতি না নিয়ে প্রধান শিক্ষক রাতের আধারে গাছটি কেটে নিয়ে গেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী সাংবাদিকদের জানান, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কর্তন করতে হলে তাকে জানাতে হবে। এরপর বন বিভাগের সাথে পরামর্শ করে গাছের বিক্রিত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার বড়ুয়া জানান, নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানান, গফুর উদ্দিন একজন স্বঘোষিত সভাপতি তার সাথে আমার পারিবারিক বিরোধ রয়েছে। হয়রানি করার জন্য একটি মিথ্যা অভিযোগ করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
