নারায়ণগঞ্জের সাবেক এমপি গিয়াস উদ্দিনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রবিবার কমিশন থেকে গিয়াস উদ্দিনকে তলব করে নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে তাকে আগামী ২৯ এপ্রিল দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত ওই তলবী চিঠিতে আগামী ২৯শে এপ্রিল রাজধানীর সেগুন বাগিচার কমিশনের প্রধান কার্যালয়ে সাবেক এই এমপিকে হাজির হতে বলা হয়। এদিন তাকে সকাল ১০টা থেকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, সাবেক এমপি গিয়াসউদ্দিনের বিরুদ্ধে দুদক এর আগেও অনুসন্ধান করেছিল। ২০১৬ সালের ডিসেম্বর মাসে শুরু হওয়া ওই অনুসন্ধান সূত্রে জানা গেছে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াত-বিএনপি জোট সরকারের আমলে ক্ষমতায় থাকাকালীন সময়ে শীতলক্ষ্যা নদীর তীরে পাথর ব্যবসা থেকে বিপুল সম্পদের মালিক হন। অর্জিত এ সম্পত্তির মধ্যে শীতলক্ষ্যা নদীর তীরে নিজের নামে দখল করে ৬ একর সরকারি জমিতে বালু ও পাথর ব্যবসা, সিদ্ধিরগঞ্জ হীরাঝিল এলাকায় জিআর টেক্সটাইল মিলস এবং সিমরাইল এলাকা কাসসাফ শপিং সেন্টার রয়েছে। এর বাইরেও নামে বেনামে বিপুল সম্পদের মালিক হন তিনি। তবে রবিবার তলব করা ওই চিঠিতে কোন কোন খাতে অবৈধ সম্পদ অর্জন করেছেন তা উল্লেখ নেই।
আরো পড়ুন: আবারও বোমায় কেঁপে উঠলো শ্রীলঙ্কা
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বর্তমান এমপি শামীম ওসমানকে পরাজিত করে জয়ী হন বিএনপি নেতা গিয়াস উদ্দিন। সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু মনোনয়ন চূড়ান্ত বাছাইয়ে গিয়াস উদ্দিনের প্রার্থীতা বাতিল হয়ে যাওয়ায় আর নির্বাচনে অংশ নেওয়া হয়নি।
ইত্তেফাক/এমআই
