রামগতিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৯:৪৯

লক্ষ্মীপুরের রামগতিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মোহন (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে শিশুর পিতা রামগতি থানায় অভিযোগ দায়ের করলে উপজেলা সদর আলেকজান্ডার কামিল মাদরাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহন আলেকজান্ডার বাজার এলাকার শিক্ষাগ্রামের করিম আলী ব্যাপারী বাড়ির মো. বাবুল মিয়ার ছেলে।

শিশুর পিতা ও পুলিশ জানায়, স্কুলে যাওয়া-আসার পথে মোহন বিভিন্ন সময় শিশুটিকে চকলেট, চিপস দিতো। শুক্রবার দুপুরে শিশুটিকে একা পেয়ে কৌশলে মোহন তাদের পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায়  শিশুটি বাড়ি ফিরলে ঘটনাটি জানাজানি হয়। শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: পা কেটে কোথায় রেখেছে ‘ট্রেস’ করতে পারছেনা পুলিশ

রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইউসুফ আলী জানান, শিশুটির পিতার অভিযোগ পেয়ে মোহনকে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে মোহনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

ইত্তেফাক/অনি