গোলাম সারওয়ারকে চোখের জল ও ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় বানারীপাড়াবাসীর

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ০৯:৩৮
পিআইবি’র চেয়ারম্যান, একুশে পদক প্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারকে চোখের জল আর ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানিয়েছেন তাঁর প্রিয় বানারীপাড়াবাসী। 
 
বুধবার দুপুর সোয়া দুইটার দিকে তার জন্ম স্থান জম্বদ্বীপ গ্রামের হেলিপ্যাডে হেলিকপ্টারে করে তার লাশ নিয়ে আসার পরে সেখান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম সহ অন্যান্যরা লাশ যে বিদ্যাপিঠের তিনি গর্বিত ছাত্র ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সেই বিদ্যাপিঠ বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) মাঠে  নিয়ে আসা হয়। সেখানে তাকে গার্ড অব অনার শেষে বিকাল ৩টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। 
IMG0
জানাজার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতি চারণ মূলক বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, প্রয়াত’র মেজ ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, প্রয়াত’র বড় ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মাহাবুব উদ্দিন আহম্মেদ (বীর বিক্রম), বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান খালেদ হোসেন স্বপন, শের-ই বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
IMG1
জানাজা শেষে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, দৈনিক ইত্তেফাকের বরিশাল ও পিরোজপুর অফিস, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশন, বিভিন্ন উপজেলার প্রেসক্লাব, বিভিন্ন পত্রিকার পক্ষে নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে হেলিকপ্টারে করে তার লাশ পুনরায় ঢাকায় নিয়ে যাওয়া হয়। এদিকে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ীরা বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।
IMG2
ইত্তেফাক/এমআই