বিদেশীদের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ হলো নিউজিল্যান্ডে

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৩:৪০
নিউজিল্যান্ডে এখন থেকে কোন বিদেশী আর ইতিমধ্যে নির্মিত বাড়ি কিনতে পারবেন না। এই বিষয়ে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির বাড়িঘরের দাম স্থানীয়দের জন্য কমিয়ে আনতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার। খবর বিবিসি ও আল জাজিরার।
 
খবরে বলা হয়, বুধবার ৬৩-৫৭ ভোটে জয়ী হয়ে ‘বৈদেশিক বিনিয়োগ সংশোধন বিল’ নামে বিদেশীদের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ করা বিষয় একটি বিল সংসদে পাস হয়েছে। নিষেধাজ্ঞাটি কেবল যারা সেখানকার বাসিন্দা নয় তাদের ওপর কার্যকর হবে। তবে বিশেষ মুক্ত-বাণিজ্য চুক্তির কারণে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের নাগরিকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটি কার্যকর হবে না। 
 
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে নিউজিল্যান্ডে বাড়ির দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অনেকের পক্ষে চড়া দামের কারণে বাড়ি কেনা সম্ভব হচ্ছে না। কম সুদে ঋণ, সীমিত বাড়ি ও অভিবাসন বৃদ্ধির কারণে এমনটি হয়েছে। 
 
উল্লেখ্য, নির্মাণাধীন বাড়ির ক্ষেত্রে নিষেধাজ্ঞাটি পুরোপুরি কার্যকর হবে না। বিদেশীরা নির্মাণাধীন বাড়িতে সীমিত আকারে বিনিয়োগ করতে পারবেন। 
 
ইত্তেফাক/ জেআর