সিলেটে দু‘পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২১:৫২
সিলেটের কানাইঘাটের জমি নিয়ে বিরোধের জের ধরে দু‘পক্ষের সংঘর্ষে ফারুক আহমদ (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।  বৃহস্পতিবার পৌরসভার বায়মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রায়মপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে ইসলাম উদ্দিন গংদের সঙ্গে নিহত ফারুক আহমদ গংদের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। বৃহস্পতিবার ওই জমিতে ফারুক আহমদ গংরা ধানের চারা রোপণ করতে গেলে প্রতিপক্ষ ইসলাম উদ্দিন গংরা বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন ফারুক। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কোন মামলা করা হয়নি।
 
ইত্তেফাক/বিএএফ