কপোতাক্ষ নদ খনন প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ও খেশরা ইউনিয়নের পাখিমারা বিলে বাস্তবায়িত টিআরএম (জোয়ারাধার) কাজে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো. আবুল হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন মেসার্স যশোর ইলেকট্রিক হাউজের মালিক মো. আবাদুল মান্নান, খুলনার মেসার্স আফরোজা কনস্ট্রাকশনের মালিক মো. আলিম আল রাজী, ঠিকাদার মো. গোলাম রেজা দুলু, পানি উন্নয়ন বোর্ডের কেশবপুর উপ-বিভাগের সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, মো. ওবায়দুল হক মল্লিক, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, মো. আব্দুল মোতালেব এবং পানি উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান।
মামলার বাদী জানান, তালা উপজেলার পাখিমারা বিলের খেশরা ইউনিয়নের তেঘরিয়া অংশে টিআরএম প্রকল্পে দুর্নীতি, প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং অপরাধজনক অসদাচরণের মাধ্যমে টাকা আত্মসাৎ ও সহায়তা করার অপরাধে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও পাউবো কর্মকর্তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল শুক্রবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্নীতি দমন কমিশন মামলাটি তদন্ত করবেন।
উল্লেখ্য, ২৬১ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে কপোতাক্ষ নদ খনন প্রকল্পের (প্রথম পর্যায়) আওতায় ৯০ কিলোমিটার নদী খনন এবং তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম (জোয়ারাধার) বাস্তবায়নে জনগুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করে সরকার। উক্ত নদ খনন ও টিআরএম প্রকল্প বাস্তবায়নের জন্য পাখিমারা বিলের চারিপাশে পানি নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। যে কারণে প্রথম থেকেই বাঁধ ভেঙে যাবার আশঙ্কা দেখা দেয়। প্রকল্পের ডিজাইন অনুযায়ী বাঁধ নির্মাণ না করায় ইতোপূর্বে কয়েকবার বিভিন্ন স্থানে বাঁধে ফাটল ও ভাঙন দেখা দেয়।
ইত্তেফাক/মোস্তাফিজ
