সাভারে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৯:১৪
সাভারে প্রকাশ্য দিবালোকে মো. সোহেল (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত যুবক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
 
এলাকাবাসী জানায়, শনিবার বিকেলে ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদের পাশে দিয়ে যাচ্ছিলেন সোহেল। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার উপর অতর্কিতে হামলা চালিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই সোহেল মারা যান।
 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ