রাজধানীতে ট্রাফিক অভিযানে পৌনে ৪ হাজার মামলা

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২১:১৪
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ হাজার মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। গত শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ অভিযানের সময় আইন অমান্য করার অপরাধে ২৩ লাখ ৬২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এ অভিযানে ৯ টি গাড়ি ডাম্পিং ও  ৫২৮ টি গাড়ি রেকার করা হয়।   
 
ট্রাফিক সূত্রে আরও জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৫০টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৬৫টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৮টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
এছাড়া এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৫৫০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৭১টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ২০ ভিডিও মামলা ও সরাসরি ১৮টি মামলা দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এমআই