ঝিনাইদহের কালীগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ অফিসের কর্মচারী আশরাফ আলীকে মাদক ব্যবসার অভিযোগে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেন কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যাদব সরকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) যাদব সরকার এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হকের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা কার্যালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও কালীগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ অফিসের কর্মচারী আশরাফ আলীকে ২শ’ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আশরাফ আলী (৪১) ঝিনাইদহ কেশবপুরের মৃত খলিল বিশ্বাসের ছেলে।
ইত্তেফাক/জেডএইচ
