কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাইফুল ইসলাম শাহআলম নামের এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যবসায়ীর ছোট ভাইকেও পিটিয়ে আহত করা হয়। রবিবার সকাল ৯টায় পরমতলা পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিকাশ ব্যবসায় সাইফুল ইসলাম শাহআলম (৪০) ধামঘর ইউনিয়নের পরমতলা পশ্চিম পাড়া গ্রামের বাশির আহাম্মদ মাস্টারের ছেলে। আহত ছোট ভাই হলো নাঈম সরকার (২৫)।
সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, রবিবার সকালে বাড়ি থেকে নগদ সাড়ে তিন লাখ টাকা ও বিকাশ ব্যবসায় ব্যবহৃত মোবাইল নিয়ে মুরাদনগর উপজেলা সদরের নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বের হলে তার উপর হামলা হয়। পরে স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ অহাম্মদ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/জেডএইচ
