পঞ্চগড়ে দেড় হাজার আম গাছ কর্তন

আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৯:০৭
পঞ্চগড়ের বোদায় সোমবার গভীর রাতে এক ব্যক্তির দেড় হাজার আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
সোমবার গভীর রাতে জেলার উপজেলার মানিকপীর দেবীডাঙ্গা এলাকায় করতোয়া নদীর পাড়ে অবস্থিত ১৫ বিঘা জমির ওপর লাগানো দেড় হাজার আম গাছ কেটে ফেলা হয়েছে।
 
জেলা শহরের ডোকরোপাড়া এলাকার রশিদুল ইসলামের ছেলে সাগর ইসলাম ১০ বছরের লিজ নিয়ে ওই জমিতে আম গাছ রোপণ করেন। এ ঘটনায় মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে সাগর ইসলাম বাদী হয়ে থানায় লিজ প্রদানকারী বিভুরঞ্জন সরকার, মনোরঞ্জন সরকার, প্রিয়রঞ্জন সরকার, মোকলেছার রহমানসহ অজ্ঞাতনামা ২৫/৩০জন দুর্বৃত্তদের নামে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বোদা থানার পুলিশ ক্ষতিগ্রস্ত আমবাগান এলাকা পরিদর্শন করেন।
 
ক্ষতিগ্রস্ত কৃষক সাগর ইসলাম বলেন, প্রায় ২৬/৩০ লাখ টাকা ব্যয় করে জমিটি গাছ রোপণের উপযুক্ত করে তুলেছি। গত বছর ১৫ বিঘা জমিতে যশোহর থেকে আম গাছের চারা এনে লাগিয়েছি। এবছর ওই আম গাছে ফলন ধরেছিল। আগামী বছর প্রতিটি আম গাছ থেকে আম উৎপাদন হতো। রাতের আঁধারে দুবৃর্ত্তরা আমার পুরো আম বাগান কেটে ফেলেছে। আমার প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। আম গাছ কেটে ফেলা দুবৃর্ত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।
 
তিনি আরও জানান, তিনি বোদা উপজেলার উত্তরপাড়ার বাসিন্দা বিভুরঞ্জন সরকারের কাছ থেকে ৪০ বিঘা জমি ২০১৭ সালে ১০ বছরের জন্য লিজ নিয়েছিলেন। বার্ষিক লক্ষাধিক টাকার বিনিময়ে লিজ নিয়ে সেখানে তিনি আম বাগান গড়ে তোলেন। প্রায় ৪২ বিঘা জমি লিজ নিলেও মাত্র ২১ বিঘা জমি দখল দিয়েছে বলেও অভিযোগ করেছেন সাগর।
 
২০১৮ সালের লিজের টাকা দিতে গেলে তারা নেন নি। টাকা না নিয়ে টালবাহানা শুরু করেন। অন্য এক ব্যাক্তির কাছে ১০ লাখ টাকা বায়নামা নেয়ায় আমার কাছ থেকে লিজ বাতিল করতে তারা আম গাছ কেটে ফেলেছেন বলে সাগর অভিযোগ করেছেন। জমিটি ফাঁকা থাকলে বিভিন্ন পার্টিকে জমিটি দেখিয়ে লিজ দিতে এবং বিক্রি করতে পারতেন। তিনি জমিটিতে আম গাছ রোপণ করায় জমিটি বিক্রি করতে না পারায় ক্রোধের বশবর্তী হয়ে আম বাগান কেটে ফেলেছেন বলে অভিযোগ করেন তিনি।
 
তিনি আরও জানান, কিছুদিন ধরে জমির মালিক পক্ষ তাকে জমি ছেড়ে দিতে চাপ দিতে থাকেন এবং নানা রকম হুমকি দিতে থাকেন। এই শত্রুতার জের ধরেই জমির মালিক পক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।
 
বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু জানান, এটি অমানবিক কাজ। রাতের আঁধারে লিজ প্রদানকারী বিভুরঞ্জন সরকার ও তার ভাই মনোরঞ্জন সরকারসহ তাদের সহযোগীরা দেড় শতাধিক আম গাছ কেটে ফেলেছে।
 
বোদা থানার ওসি (তদন্ত) আবু সায়েম মিয়া জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। তবে কারা এই বাগানের গাছ কেটেছে আমরা তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানতে পারিনি। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এ ব্যাপারে লিজ প্রদানকারী বিভুরঞ্জন সরকারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি জেনে শুনে পরে জানাবেন এবং আপাতত নিউজ করার প্রয়োজন নাই বলে জানান।
 
ইত্তেফাক/আরকেজি