ঈদে আনন্দ করা হলো না দুই শিক্ষার্থীর

আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ০০:২৯

নকলায় ভোগাই নদীর প্রবাহমান স্রোতে নিমজ্জিত হয়ে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঈদের আনন্দ উপভোগ করতে গিয়েছিল তারা তারাকান্দা এলাকার রাবার ড্যামের পাশে। নিহত দুজনের নাম উমর ফারুক (১২) ও শান্ত মিয়া (১২)। ফারুক দুজন নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং শান্ত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ফারুকের পিতার নাম গেন্দা মিয়া। শান্ত মিয়ার বাবার নাম আক্তার মিয়া। নিহত দুজনের বাড়ি নকলা পৌরসভার গড়েরগাও গ্রামে।

বৃহস্পতিবার বিকালে নকলা পৌরসভার গড়েরগাও এলাকা থেকে স্থানীয় এক কোচিং সেন্টারের উদ্যোগে কোচিং সেন্টারের ১৫-২০ শিক্ষার্থী দল বেঁধে ঈদ আনন্দ উপভোগ করতে গিয়ছিল সেখানে। রাবার ড্যামের কাছে গিয়ে পানিতে লাফালাফি করে আনন্দ করার সময় পা পিছলে ৩শিক্ষার্থী গভীর পানিতে পড়ে নদীর স্রোতের তোড়ে পানির নিচে তলিয়ে যায়। এ সময় একজন শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ফারুক আর শান্তকে উদ্ধার করা সম্ভব হয় না।

দীর্ঘ প্রায় ২ ঘন্টা পর দুজনের মৃতদেহ পানির নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়।

দুজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীসহ এলাকার কয়েক হাজার মানুষ লাশগুলো দেখার জন্য বাড়িতে ভিড় করছে।

নকলা থানার ওসি খান আব্দুল হালিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু