চামড়া পাচার প্রতিরোধে সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছে। ঈদুল আযহার পরে কোন চোরাকারবারী যাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে কোন পশুর চামড়া পাচার করতে না পারে সে জন্য সীমান্তে এই কঠোর নজরদারি করা হয়েছে।
ট্যানারি মালিকদের নির্ধারণ করা মূল্যে পশুর চামড়া বিক্রি করতে না পেরে কোন চোরাচালানী যাতে প্রতিবেশী দেশ ভারতে চামড়া পাচার করতে না পারে সেজন্য এই টহল জোরদার করা হয়েছে। কোরবানির পর চোরাকারবারীরা অসৎ উদ্দেশ্যে প্রচুর পরিমাণ পশুর চামড়া অবৈধভাবে পার্শ্ববর্তী দেশগুলোতে পাচার করে থাকে। এ জন্য চামড়া পাচার রোধে বিজিবির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট বসানোসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছেন পুলিশ প্রশাসন।
৩৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান বলেন, চামড়া আমাদের একটি জাতীয় সম্পদ তাই সাতক্ষীরায় সীমান্ত দিয়ে যাতে কোন চোরাচালানী ভারতে চামড়াসহ কোন ধরণের পণ্য পাচার না করতে পারে সেজন্য সমগ্র সীমান্ত এলাকাজুড়ে বিজিবি বিশেষ সতর্কাবস্থাসহ গোয়েন্দা নজরদারিতে রয়েছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরণের পাচার ও জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।
সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান জানান, সাতক্ষীরা সীমান্ত দিয়ে যাতে কোন চোরাচালানী পরিবহন যোগে চামড়া সীমান্ত এলাকায় নিয়ে পাচার করতে না পারে সেজন্য পুলিশের কঠোর নজরদারি রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
