ইত্তেফাক রিপোর্ট
রামপুরা থানার বনশ্রী এলাকায় ‘ষ্টে ইন স্টাইল’ নামে একটি শোরুমের তালা ভেঙে ২ কোটি টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার রাতে শোরুমটির মালিক আবির খান বাদী হয়ে সাইফুল ইসলাম টিটু নামে একজনকে আসামি করে রামপুরা থানায় মামলা করেন।
আবির খান বলেন, গতবছরের ১ মার্চ বনশ্রী ডি ব্লকের ৫ নম্বর রোডের ১২ নম্বর বাড়ির নিচতলা দোকানের জন্য ভাড়া নেন। বাড়ি মালিক হারুনুর রশিদ বিদেশে থাকায় বাড়িটি দেখাশুনার দায়িত্বে ছিলেন তারই শ্যালক সাইফুল ইসলাম টিটু। তার কাছ থেকে ৪০ হাজার টাকা ভাড়ায় দোকানটি ৫ বছরের চুক্তিতে নেওয়া হয়। বায়না বাবদ তাকে আট লাখ টাকা দেওয়া হয়। ভাড়া নেওয়ার কিছুদিন পর থেকে শোরুমটি ছেড়ে দেওয়ার জন্য নানাভাবে তাকে ও তার কর্মচারীকে হুমকি দিয়ে আসছিলেন টিটু। দোকান খুলতে গেলে টিটু ও তার স্ত্রী বাধা দিতেন। রবিবার তিনি শোরুমে গিয়ে জানতে পারেন টিটুসহ ৩/৪ জন শোরুমের তালা ভেঙে ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। রামপুরা থানার ওসি কুদ্দুস ফকির বলেন, এ ঘটনায় ভুক্তভোগী আবির একটি মামলা করেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
