আগৈলঝাড়ায় রবিবার সকালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের জাকির মোল্লার স্ত্রী দুই সন্তানের জননী মুনজিলা বেগম ওরফে সুলতানার (২৫) সঙ্গে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে তার স্বামী জাকির মোল্লার ঝগড়া বিবাদ হয়। এরপর দু’জন দুই রুমে ঘুমিয়ে পরে।
রাত আড়াইটার দিকে দেড় বছরের সন্তান কান্না করায় স্বামী জাকির মোল্লার ঘুম ভেঙে যায়। স্ত্রীর রুমে গেলে সেখানে মুনজিলার ঝুলন্ত লাশ দেখতে পান।
স্থানীয়দের অভিযোগ, ঝগড়ার পর মুনজিলাকে তার স্বামী হত্যা করে লাশ ঝুলিয়ে রাখেন। পুলিশের একাধিক সূত্র জানায়, মুনজিলার লাশ দেখে আত্মহত্যার বিষয়টি রহস্যজনক বলে তারা মত প্রকাশ করেন।
ওসি আব্দুর রাজ্জাক মোল্লা অন্যান্য পুলিশ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে যান। এঘটনায় মুনজিলা বেগমের বাবা বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে রবিবার দুপুরে মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
