ভ্যাঙ্কুভারে শেষ হলো আন্তর্জাতিক পাখি উত্সব

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ০২:৩০
ভ্যাঙ্কুভারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো- ‘আন্তর্জাতিক পাখি উত্সব’ অর্থাৎ ভিআইবিএফ ২০১৮। গত ১৯ আগস্ট এ  উত্সব শুরু হয় এবং শেষ হলো ২৬ আগস্ট। সপ্তাহব্যাপী জমজমাট পাখি উত্সবে ত্রিশ হাজার দর্শকের সমাগম ঘটে বলে খবরে প্রকাশ। উত্সবে সেমিনার, বন্যপ্রাণী শিল্পীদের বার্ষিক আর্ট শো, ফটোগ্রাফি, আদিবাসী শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী, পাখিপ্যারেডসহ  নানা ধরণের কর্মসূচি ছিলো। তার মধ্যে পাখিদের বিভিন্ন মুখোশ পরা ছিলো সব চেয়ে আকর্ষণীয়।
 
ভ্যাঙ্কুভার কনভেনশন সেন্টারে আয়োজকরা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ১৯৭০ সাল থেকে প্রকৃতির ভারসাম্য, মানব বসতি, শিল্প কারখানা ও বনভূমির কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাখি প্রজাতির ৩৫ শতাংশ পতন ঘটেছে। তারা মনে করেন, এই আয়োজন পাখিদের গুরুত্ব সম্পর্কে  আরও চিন্তা করতে উৎসাহিত করবে। কারণ, পাখি শুধু প্রাকৃতিক সম্পদ নয়; আমাদের বন্ধুও বটে! আমরা এক পৃথিবীতে এক সাথে বসবাস করছি।
 
এছাড়াও সেমিনারে বিশ্বে পাখি সম্প্রদায়ের দেশান্তর, অভিবাসন, বসবাস, বাসিন্দা ইত্যাদি নিয়ে আলোচনা হয়। পরে কনভেনশন সেন্টার থেকে কোল হারবারের হার্বার গ্রিন পার্ক পর্যন্ত একটি বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়। ভ্যাঙ্কুভার পার্ক বোর্ডের সাথে মিলেমিশে ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বার্ড উত্সব পালিত হলো। পাখির বিশ্ব উদযাপনের মাধ্যমে পরিবেশ সচেতনার পরিচয় পাওয়া গেলো।
 
উল্লেখ্য,  প্রাণীবিজ্ঞানী এবং পাখিপ্রেমিকদের উদ্যোগে ১৯৮৬ সালে ওটোয়াতে এধরণের একটি আয়োজন করা হয়েছিলো। এবার প্রথমবারের মতো পাখি উসব করা হলেও ২০১৩ সাল থেকে মিনি আয়োজন এবং আন্তর্জাতিক উত্সবের প্রস্তুতি চলছিলো। আমেরিকা এবং কানাডার নানা ধরণের দুই শ’ উত্সব অনুষ্ঠিত হয়। তার সাথে এবার যুক্ত হলো- অন্তর্জাতিক পাখি উত্সব।
 
ইত্তেফাক/কেআই