রাজধানীতে গণধর্ষণের শিকার এক তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ভর্তি করা হয় তাকে। তার মাথায় ছোট ছোট চুল, গায়ে একটি গেঞ্জি ও তার উপরে চাদর পেঁচানো ছিল।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (এএসআই) বাবুল মিয়া জানান, তাৎক্ষণিকভাবে তরুণীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওই তরুণীর সঙ্গে কথা বলে জানা গেছে, তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ শশাপুরায়। লঞ্চ যোগে সদরঘাট আসেন। তবে কবে ঢাকায় আসেন তা জানাতে পারেননি। সেখান থেকে বোনের বাসা গুলিস্তানে যান। তারপরে চারজন ব্যক্তি তাকে ধর্ষণ করে।
ঢাকা মেডিকেল হাসপাতাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ও সি সি) এর সমন্বয়কারী ডাক্তার বিলকিস বেগম জানান, ওই তরুণীর শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। দ্রুত তাকে গাইনি ওয়ার্ডে রেফার করা হয়েছে অস্ত্রোপচারের জন্য। প্রাথমিকভাবে পরীক্ষায় জানা যায়, তিনি গণধর্ষণের শিকার হয়েছেন।
তিনি আরও জানান, তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গুলিস্তান এলাকায় তিনি তার সৎ বোনের বাসায় আসেন। ওই বাসায় গণধর্ষণের শিকার হন গত রাতে। পরে ধর্ষকদের একজন তাকে সঙ্গে করে নিয়ে হাসপাতালে ফেলে যায়। ঐ তরুণী চাকরির জন্য সৎ বোনের বাসায় আসেন, তিনি বিবাহিত। এক ছেলে রয়েছে তার। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগেই। তবে তরুণীটির সঙ্গে কথা বলে মনে হয়নি তিনি মানসিক রোগী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (একেএম) নাসির উদ্দিন জানান, তরুণীটি গুরুতর অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে আসে। তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
