দোহাজারীতে নাছিমা আক্তার (৩২) নামের এক গৃহবধূর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। উপজেলার নবগঠিত দোহাজারী পৌরসভাস্থ পূর্ব দোহাজারীতে বেসরকারি এনজিও সংস্থার লোনের বোঝা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার সূত্রে বলা হচ্ছে।
নিহতের পরিবার সূত্র জানায়, গত রবিবার সন্ধ্যায় দুই এনজিও সংস্থা প্রত্যাশী ও আশার লোনের টাকার কিস্তি নিয়ে স্বামী ফয়েজ আহমদের সঙ্গে নাছিমার ঝগড়া হয়। এর এক পর্যায়ে সকলের অজান্তে বিষ পান করেন নাছিমা।
নাছিমা বিষ পান করেছেন বুঝতে পেরে তার স্বামী তাকে গুরুতর অবস্থায় প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে বিসিজি ট্রাস্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নাছিমা চার সন্তানের জননী বলে জানা গেছে। চন্দনাইশ থানা পুলিশ নাছিমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ইত্তেফাক/নূহু
