উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ায় বৃহত্তম কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গারা রবিবার বিকেলে দুই রাখাইন যুবককে আটক করে ক্যাম্প পুলিশের নিকট সোপর্দ করেছে। কুতুপালং ক্যাম্প পুলিশের ইনচার্জ মো. শামীম জানান, মিয়ানমারের চেংগুইয়া নিগো গ্রামের উমিলার ছেলে থাইনসোনাইন(৩৫) ও ইয়াংগুনের লাসে গ্রামের মৃত ওসাংয়ের ছেলে জর্জ (৩২) রাখাইনকে রোহিঙ্গারা বিকালে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে।
তিনি জানান, তাদের বিরুদ্ধে বিদেশি ও নাগরিক আইনে মামলা দায়ের করে উখিয়া থানা পুলিশ জেল হাজতে প্রেরণ করেন। রাখাইন ঐ দুই যুবকের সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আদালত তাদের খালাস দেয়। ঐ রাখাইন যুবকেরা জেল থেকে মুক্ত হয়ে আবারও কুতুপালং ক্যাম্পে চলে আসে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী দুই রাখাইন যুবকের বিরুদ্ধে ১৯৬৪ সনের বৈদেশিক আইনে মামলা রেকর্ড করে সোমবার সকালে আবারও জেল হাজতে পাঠানো হয়েছে।
