তদন্তের মুখোমুখি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ০৯:৫৮
দেড়শ’রও বেশি শরণার্থী বহনকারী একটি জাহাজকে তীরে ভিড়তে অনুমতি না দেওয়ায় তদন্তের মুখোমুখি হচ্ছেন ইতালীয় স্বরাষ্ট্রমন্ত্রী  মাত্তেও সালভিনি। তবে তদন্তের খবর প্রকাশের পর ওই শরণার্থীদের ইতালিতে প্রবেশ করতে দেওয়া হয়েছে।
 
স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ইতালির উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করা সালভিনির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপহরণ ও অবৈধ গ্রেফতারের অভিযোগ তদন্ত করা হচ্ছে। এক সিসিলীয় প্রসিকিউটর এই তদন্ত করবেন বলে জানানো হয়েছে।
 
সিসিলীয় বন্দর কাতানিয়ায় শরণার্থী বহনকারী একটি জাহাজকে প্রায় এক সপ্তাহ ধরে তীরে ভিড়তে না দেওয়ার অভিযোগে সালভিনির বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্য সদস্য দেশগুলোর শরণার্থী গ্রহণের দায়িত্ব ভাগাভাগি বিষয়ক কোনো চুক্তি না থাকায় সালভিনি অভিবাসন প্রত্যাশীদের ডিকোত্তি নামক জাহাজ থেকে শরণার্থীদের অবতরণে বাধা দেন।
 
 তবে তদন্তের খবর প্রকাশের পর ইতালীয় কর্তৃপক্ষ তাদের জাহাজ থেকে তীরে নামার অনুমতি দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শরণার্থীরা জাহাজ ত্যাগ করছেন। এর আগে শনিবার অসুস্থ ১৬ জনকে জাহাজ থেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়।
 
ভূমধ্যসাগরের মাল্টা উপকূলে ডিঙ্গিতে ভাসমান অবস্থায় ১৯০ জনকে উদ্ধার করার পর গত সোমবার রাতে কাতানিয়ায় ডিকোত্তি জাহাজ নোঙর করে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ডাক্তাররা স্বাস্থ্য পরীক্ষা করার পর শনিবার উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন নারী ও পাঁচজন পুরুষকে  অবতরণের অনুমোদন দেয়। 
 
অসুস্থদের মধ্যে দুজন যক্ষ্মায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া ডিকোত্তির ১৯০ জন অভিবাসীর মধ্যে অভিভাবকহীন ২৭ শিশু ও আরো ১৩ জনকে এর আগে জাহাজ থেকে নামার অনুমোদন দেয়া হয়।
 
এর আগে চলতি বছরের জুনে অ্যাকুয়ারিস নামে শরণার্থী বহনকারী একটি জাহাজকে ইতালির বন্দরে নোঙর করতে দেওয়া হয়নি। ৬২৯ জন শরণার্থীকে নিয়ে উদ্ধারকারী জাহাজটিকে স্পেনের দিকে যেতে বাধ্য করা হয়। -আল জাজিরা
 
ইত্তেফাক/ জেআর