ম্যাককেইনের মৃত্যু নিয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে ট্রাম্পের বাধা

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১০:০৫
প্রভাবশালী মার্কিন সিনেটর জন ম্যাককেইনের মৃত্যুতে হোয়াইট হাউস যে বিবৃতি তৈরি করেছিল তা প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউসের দুইজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এক্ষেত্রে বাধা দিয়েছেন। এর পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প মাত্র দুই লাইনের একটি শোক বার্তা টুইটারে প্রকাশ করেন।
 
জন ম্যাককেইন ছয়বার রিপাবলিকান দল থেকে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সরকারি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া ভিয়েতনাম যুদ্ধেও তার অবদান ছিল অনস্বীকার্য। 
 
এই যুদ্ধে যুদ্ধবিমানের পাইলট ছিলেন ম্যাককেইন। ধরা পড়ার পর তিনি ৫ বছর ধরে ভিয়েতনাম কারাগারে বন্দি ছিলেন। এজন্য তাকে ‘বীর’ উপাধি দিয়ে একটি বিবৃতি তৈরি করেন হোয়াইট হাউসের চীফ অব স্টাফ জন কেলি, প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্সসহ অন্য কর্মকর্তারা। 
 
কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এতে আপত্তি করেন এবং বিবৃতিটি প্রত্যাখ্যান করেন। এর পরিবর্তে তিনি দুই লাইনের শোক বিবৃতি প্রকাশ করেন। তিনি বলেন, ম্যাককেইনের পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি এবং শ্রদ্ধা রয়েছে। আমরা তার জন্য সবসময় প্রার্থনা করি।
 
ম্যাককেইন ক্যান্সার আক্রান্ত হয়ে শনিবার মারা যান। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। বিশেষ করে রাশিয়া ইস্যুতে ট্রাম্পের নীতি সমালোচনায় ছিলেন মুখর। এর ফলে প্রেসিডেন্টের সঙ্গে ম্যাককেইন এবং তার পরিবারের দূরত্ব তৈরি হয়। 
 
মৃত্যুর আগেই ম্যাককেইন বলেছিলেন, তার শেষকৃত্য অনুষ্ঠানে যেন প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত না থাকেন। এজন্য প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবর্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপস্থিত থাকার কথা।
 
ম্যাককেইন ২০০৮ সালে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে লড়াই করেছিলেন। তিনি ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামার কাছে হেরে যান। তারপরও ডেমোক্র্যাটদের সঙ্গে তার সম্পর্ক ভাল ছিল। তিনি উদারপন্থী হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডাব্লিউ বুশসহ বিশ্ব নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। -ফক্স নিউজ
 
ইত্তেফাক/ জেআর