চাকরি দেয়ার নামে ধর্ষণ, গ্রেফতার ১

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৪:৪৮
ভাল বেতনে চাকরি দেয়ার নামে এক নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে অভিযুক্ত ধর্ষক গ্রাম্য ডা. মনিরুজ্জামান মনিকে প্রধান আসামি করে তিনজনের নামে মামলা দায়ের করেছেন ওই নারী।
 
এদিকে, এ মামলার আসামি আব্দুল হান্নানকে স্থানীয় জনতা ধরে পুলিশে দিয়েছে। এর আগে রবিবার দিবাগত রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। গ্রেফতারকৃত আব্দুল হান্নান কালীগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের জামাত আলী পাড়ের ছেলে।
 
পলাতক আসামিরা হলেন, কালীগঞ্জ উপজেলার কাজলা গ্রামের নওশের আলীর ঘর জামাই ও এই মামলার প্রধান আসামি মনিরুজ্জামান মনি এবং একই উপজেলার ইন্দ্রনগর গ্রামের হাসান পাড়ের ছেলে ফিরোজ হোসেন।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারীর বাবা ও মা কেউ নাই। তিন বছর আগে তার বিয়ে হলেও স্বামীর আগের একটি স্ত্রী ও সন্তান থাকায় তিনি সেখানে যাননি। পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। সম্প্রতি কালীগঞ্জ উপজেলার কাজলা গ্রামের মনিরুজ্জামান মনি তাকে ভাল বেতনে চাকরির প্রস্তাব দিয়ে গত রবিবার তাকে ঘোড়াপোতা গ্রামের একটি বাড়িতে নিয়ে যান। এরপর রাতে তাকে খুন করার হুমকি দিয়ে ধর্ষণ করেন মনি। এ সময় তাকে সহযোগিতা করেন আব্দুল হান্নান ও ফিরোজ হোসেন। পরে ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন। 
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে এ মামলার আসামি আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/জেডএইচ