বাংলাদেশে আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে নির্বাচন কমিশন যখন খুব শিগগির সিদ্ধান্ত নিতে চলেছে, তখন পাশের দেশ ভারতে ইভিএমের বিরোধিতা ক্রমেই আরো তীব্র হচ্ছে। বিজেপি অবশ্য ইভিএম বজায় রাখারই পক্ষপাতী, আর ভারতের নির্বাচন কমিশন সব দলেরই মতামত খতিযে দেখবে বলে কথা দিয়েছে।
গত দু-চার বছরে ভারতের বিভিন্ন প্রান্তে ইভিএম নিয়ে কারসাজির অজস্র অভিযোগ তুলেছে একাধিক বিরোধী দল। এবারে নির্বাচন কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকে গিয়ে কংগ্রেসসহ একাধিক বিরোধী দল দাবি জানিয়েছে ইভিএম পদ্ধতিটাই বাতিল করে দেয়া হোক। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি বলছেন, শুধু আমরাই নই। দেশের অন্তত ৭০ শতাংশ রাজনৈতিক দলই মনে করে যত দ্রুত সম্ভব কাগজের ব্যালট আবার ফিরিয়ে আনা উচিত। এই দাবিতে আমরা অনড় থাকব। কারণ ইভিএমের ওপর আমাদের বিশ্বাস টলে গেছে। -বিবিসি
