ইরানের উপর নিষেধাজ্ঞায় বাধা দেয়ার এখতিয়ার আন্তর্জাতিক আদালতের নেই: যুক্তরাষ্ট্র

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১২:৪৭
ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আরোপের বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়ার অধিকার আন্তর্জাতিক আদালতের নেই, এমনটি দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্টের আইনজীবীদের পক্ষ থেকে এমনটি দাবি করা হয়েছে। খবর আল জাজিরার।
 
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিষয়ে ইরান সম্প্রতি আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়েছে। যেখানে শুনানিকালে সোমবার ইরান দাবি করেছে, ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার ও নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু’দেশের মধ্যে ১৯৫৫ সালে হওয়া চুক্তি ভঙ্গ করেছেন।
 
এমন দাবির বিষয়টি উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আইনজীবী জেনিফার নিউস্টিড মঙ্গলবার বলেছেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার নিশ্চিত করার অধিকার যুক্তরাষ্ট্রের আছে। যে চুক্তি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার ভিত্তিতে কোনও আদেশ দেয়ার এখতিয়ার আইসিসির নেই।
 
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের ঐকমত্যের ভিত্তিতে ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী ইরান পরমাণু অস্ত্র সমৃদ্ধ করবে না অঙ্গীকার করে।
 
ইরানকে নিবৃত্ত করতে এই চুক্তিকে যথেষ্ট মনে করছেন না ট্রাম্প। যে কারণে গত মে মাস থেকে দেশটির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।
 
১৯৫৫ সালে দুই দেশের মধ্যে সমতা ও অর্থনৈতিক সম্পর্কের চুক্তি হয়। সেই চুক্তি সত্ত্বেও ১৯৮০ সাল থেকে দুই দেশের মধ্যে কোনও কুটনৈতিক সম্পর্ক ছিল না।  
 
ইত্তেফাক/কেআই