ইংলিশ চ্যানেলে শামুক নিয়ে ফরাসি ও ব্রিটিশ জাহাজের সংঘর্ষ

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৩:৫৯
ইংলিশ চ্যানেলে শামুক শিকার নিয়ে ফরাসি ও ব্রিটিশ জেলেদের মধ্যে তুমুল ঝগড়ার ঘটনা ঘটেছে। ব্রিটিশ জেলেরা অভিযোগ করেছেন, ফরাসি জেলেরা তাদের অপমানজনক কথা বলেছে, তাদের দিকে পাথর ও ধোঁয়া বোমা ছুড়ে মেরেছে। স্থানীয় সময় সোমবার রাতে নরম্যান্ডি উপকূল থেকে ২২ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। 
 
যেখানে এই সংঘর্ষ ঘটেছে সেখানে ব্রিটিশ জেলেদের শামুক ও মাছ শিকারের বৈধ অধিকার রয়েছে বলে জানিয়েছে বিবিসি। কিন্তু সেখানে তাদের উপস্থিতি ফরাসি জেলেদের ক্ষুব্ধ করে তুলেছে। ফরাসিরা অভিযোগ করেছে ব্রিটিশরা নির্লজ্জভাবে স্বার্থপরের মতো সব শামুক একাই মজুদ করে নিচ্ছে। অঞ্চলটি শামুক সমৃদ্ধ বলে পরিচিত। 
 
ফরাসি জেলেদের সহিংস আচরণের পর ব্রিটিশ জেলেরা সরকারের কাছে সুরক্ষা চাইছে। অন্যদিকে ফরাসিরা তাদের একটি প্রধান শিকারের জায়গা হারিয়ে শোক প্রকাশ করেছে।
 
বিবিসি জানায়, সোমবার রাতে ব্রিটিশদের শামুক শিকারের প্রতিবাদে ইংলিশ চ্যানেলে প্রায় ৪০টি মাছ ধরার জাহাজ নিয়ে সেখানে হাজির হয় ফরাসিরা। নরম্যান্ডি মৎস শিকারের প্রধান দিমিত্রি রোগোফ বলেন, ফরাসিরা সেখানে যায় ব্রিটিশদের কাজ থামাতে। তারপর তারা উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 
 
উল্লেখ্য, ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে শামুক শিকার নিয়ে বিরোধ প্রায় ১৫ বছর পুরনো। দুই দেশের মধ্যে এ বিষয়ে চুক্তিও রয়েছে। সমুদ্রে বড় জাহাজ নিয়ে শিকার না করার শর্তে ব্রিটিশরা সারা বছর ধরেই মাছ ও শামুক ধরতে পারে। তবে ফরাসি আইনে, তাদের জেলেদের জন্য শামুক ধরার মৌসুম ১ অক্টোবর থেকে ১৫ মে পর্যন্ত সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে ব্রিটিশরা আগ থেকে শামুক ধরতে আসলে ফরাসিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
 
রোগোফ অভিযোগ করেন, ব্রিটিশদের জন্য এটা সম্পূর্ণ মুক্ত। তারা যখন চায়, যেখানে চায়, যতটা চায় ততটাই শিকার করতে পারে। 
 
তিনি বলেন, আমরা চাই না তারা শিকার বন্ধ করে দিক। তবে তারা অন্তত ১ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতেই পারে। তাহলে আমরা ভাগ করে নিতে পারবো। নরম্যান্ডির জন্য শামুক একটি প্রধান পণ্য, একটি প্রধান সম্পদ ও খুবই উচ্চ পর্যায়ের স্পর্শকাতর বিষয়। 
 
ইত্তেফাক/ জেআর