স্বপ্না ও কৃষ্ণার গোলে বাংলাদেশের শুভ সূচনা

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২২:৩৩

বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলে উদ্বোধনী খেলায় বাংলাদেশ ২-০ গোলে আরব আমিরাতকে হারিয়ে শুভ সূচনা করেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত এ খেলায় বাংলার মেয়েদের দাপুটে ফুটবলের কাছে হার মেনেছে আরব আমিরাতের ফুটবল দল। আরব আমিরাতকে বাংলাদেশ এর আগেও হারিয়েছে। তিনবার জয় আছে বাংলাদেশের মেয়েদের। ৬-০, ৪-০ এবং ৭-০ গোলে জয় রয়েছে। এবারই সবচেয়ে কম ব্যবধানে বাংলাদেশ জয় পেল। আরব আমিরাত ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তারপরও বার বার বাংলার মেয়েদের কাছে হারছে। কাল আরব আমিরাতের বিপক্ষে জয় এনে দেওয়া গোলদাতা হচ্ছে সিরাত জাহান স্বপ্না ১২ মিনিটে এবং কৃষ্ণা রানী সরকার ৩০ মিনিটে গোল করেন।

গ্রুপ পর্বের প্রথম খেলায় দুই গোলের জয়ে বাংলাদেশ সেমিফাইনালের পথে একটু এগিয়ে গেলেও বাংলাদেশ কাল   আরো বড় ব্যবধানে জিততে পারত। কিন্তু সেটি হয়নি নিজেদের দোষে। আরব আমিরাতকে কোণঠাসা করে রেখেছিলেন কৃষ্ণা রানী, স্বপ্না, মৌসুমী, মারিয়া, আঁখী, সামসুন নাহার, মৌসুমীরা। বাংলার গোলকিপার রুপনা চাকমা পুরো ৯০ মিনিটে এক দুই বার বল ধরতে দেখা গেছে।  দর্শক হতাশ হয়েছে গোল  বেশি না পাওয়ার কারণে। কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘দুর্ভাগ্য বেশি গোল পাইনি। কোচ আফসোস করে বলেন, ফিনিসিং না থাকার কারণে গোল বেশি হয়নি। যাই হোক ভালো খেলেছে। আমরা ডমিনেট করেছি খেলায়।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে প্রথম এ ধরনের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ, আরব আমিরাত, লাওস, কিরগিজস্তান, তাজিকিস্তান, মঙ্গোলিয়াসহ ৬টি দেশ অংশগ্রহণ করছে। এমনকি কোনো জাতীয় ফেডারেশনের আয়োজনেও উপমহাদেশে নারী ফুটবলারদের নিয়ে এধরনের টুর্নামেন্ট হয়নি।

বাংলাদেশ, আরব আমিরাত, লাওস, কিরগিজস্তান, তাজিকিস্তান, মঙ্গোলিয়াসহ ৬টি দেশ অংশগ্রহণ করছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের শেষ খেলা শুক্রবার কিরগিজস্তানের বিপক্ষে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন করেন। খেলা শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬টায়। আনুষ্ঠানিকতা শেষে সেটি শুরু হলো ১৫ মিনিট দেরিতে।